ক্রস-বর্ডার পেমেন্ট সুবিধা চালুর আহ্বান

৩০ নভেম্বর, ২০১৯ ১৮:৫৬  
ব্যাংকিং সেবার বাইরে বাংলাদেশের ৫৫ শতাংশ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে সহায়তা করেছে মোবাইল ব্যাংকিং সেবা। এক্ষেত্রে বিকাশ, রকেট ও নগদ দারুণ ভূমিকা রাখছে। এই ভূমিকাকে এগিয়ে নিতে মোবাইলে ক্রস-বর্ডার পেমেন্ট সুবিধা চালুতে বিমসটেক ও সার্কের মতো আঞ্চলিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পেগাসাস টেক ভেঞ্চারস এর জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। ভারতের মুম্বাই এর দি ললিত হোটেলে অনুষ্ঠিত ইন্ডিয়া ফিনটেক ফোরামের বার্ষিক অনুষ্ঠানে শুক্রবার দেয়া ভাষণে তিনি এই দাবি উত্থাপন করেন।  “কীভাবে আন্তর্জাতিক স্টার্টআপ ভারতের ফিনটেক ইকোসিস্টেমে প্রবেশ করতে পারে এবং ভারতের স্টার্টআপ কীভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে যেতে পারে?” শীর্ষক প্যানেল আলোচনায় শামীম আহসান বলেন, আন্তর্জাতিক প্রতিবেদন মতে আগামী ৫ বছরের মধ্যে ফান্ড ট্রান্সফার এবং পেমেন্ট ইন্ডাস্ট্রি ফিনটেকের কাছে তাদের ২৮ শতাংশ বাজার হারাবে আর ব্যাংকগুলো বাজার হারাবে প্রায় ২৪ শতাংশ। তাই বিমসটেক ও সার্কের মতো আঞ্চলিক সংগঠনগুলো আন্তর্জাতিক খাত বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের সাথে নিয়ে ফিনটেক সল্যুউশন যুক্তকরণের মাধ্যমে ক্রস-বর্ডার পেমেন্টস ও ই-কমার্সকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই অঞ্চলে ব্যবসার প্রবৃদ্ধি ঘটাতে পারে।   ইকোনমিক টাইমসের সম্পাদক অমল ডেথের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অন্যান্যের মধ্যে ছিলেন- ইনভেস্ট ইন ডেনমার্কের কান্ট্রি ম্যানেজার (ভারত ও সিঙ্গাপুর) শঙ্কর সুবরামানিয়াম, কুডস এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পবিত্র ওয়ালভেকার এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর পণ্য ও উদ্ভাবন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিশাল কানভাটি।